
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় নাগরিকদের মধ্যে। নিয়মিত ময়লা সংগ্রহ না করা, পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কনটেইনারের অভাব এবং বর্জ্য পরিবহনে অনিয়মের কারণে শহরের বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ জমে থাকছে। এতে দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও রোগের ঝুঁকি বাড়ছে।
স্থানীয় নাগরিকদের অভিযোগ, পৌরসভার সদর রোড, জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন এলাকা ও বাজার সড়কের কিছু অংশ তুলনামূলক পরিচ্ছন্ন থাকলেও অলিগলির চিত্র ভিন্ন। প্রায় ১৫ বছর আগে স্থাপন করা ডাস্টবিন ব্যবস্থা এখন কার্যত নিষ্ক্রিয়। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলছেন। বর্জ্য উপচে পড়ে রাস্তায় ছড়িয়ে পড়ায় বৃষ্টি ও গরমের সময়ে দুর্ভোগ আরও বেড়ে যায়।
পৌর কর্তৃপক্ষ যানবাহন ও জনবল সংকটকে বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হিসেবে দেখছে। স্থানীয় সূত্র জানায়, আগে পৌরসভায় ২২টি বর্জ্যবাহী গাড়ি থাকলেও বর্তমানে চালু রয়েছে ১৬টি। ফলে নিয়মিত বর্জ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এ ছাড়া বর্জ্য পরিবহনের সময়ও রাস্তার বিভিন্ন স্থানে আবর্জনা পড়ে পরিবেশ দূষিত হচ্ছে।
এদিকে সচেতন নাগরিক কমিটির (সনাক) বরগুনা টিমের সদস্য নূরে জান্নাত সাবরিনা, মো. ইউসুফ সাগর, মো. শফিকুল ইসলাম, মো. আলম ও মেসবাহ উদ্দিন গত তিন মাস ধরে মাঠপর্যায়ে বরগুনার বর্জ্য ব্যবস্থাপনার সংকট পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন।
বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ এবং জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে নাগরিকদের সচেতনতার পাশাপাশি পৌরসভাকেও আরও দায়িত্বশীল হতে হবে। জনবল ও যানবাহন বাড়ানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তা না হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।