
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় অভিবাসী জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ নিয়ে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং ওকাপের প্রোগ্রাম ম্যানেজার অমিতা গোস্বামীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মো. সুজাউদ্দৌলা, ওকাপের নির্বাহী পরিচালক মো. ওমর ফারুক চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আমেনা খানম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ওকাপের কয়রা ফিল্ড অফিসার রথিন্দ্র কোচ, ফিল্ড অর্গানাইজার মো. আজিজুল হক, সিএনআরএসের মো. নুরুজ্জামান, জেজেএসের শরিফুর রহমান ও স্টেকহোল্ডার চঞ্চল মণ্ডল।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। নিরাপদ অভিবাসন, অভিবাসন-সংক্রান্ত সঠিক তথ্য, প্রতারণা প্রতিরোধ এবং সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনঃএকীভূত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় অভিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে মতামত ও বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।