আকরাম পয়েন্টে এলএনজি স্টেশনের গ্যাসে বিদ্যুৎ উৎপাদন হবে: নৌপরিবহন মন্ত্রী

হোম » খুলনা » আকরাম পয়েন্টে এলএনজি স্টেশনের গ্যাসে বিদ্যুৎ উৎপাদন হবে: নৌপরিবহন মন্ত্রী
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

আকরাম পয়েন্টে এলএনজি স্টেশনের গ্যাসে বিদ্যুৎ উৎপাদন হবে: নৌপরিবহন মন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপন করে সেখানকার গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ শিল্প ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

রবিবার (১৬ আগস্ট) বিকেলে বাগেরহাটের মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে।’

 

মোংলা অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে। আগামী অক্টোবরে মোংলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে। এর মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

 

বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ‘এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। এ দেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।’

 

চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, সরকার মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। মোংলাকে একটি সফল বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে পরিণত করতে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

 

মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।

বাংলাদেশ সময়: ২২:০২:১১ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ