বরগুনায় বাবার দায়ের করা মামলায় বেকসুর খালাস দুই ছেলে

হোম » বরগুনা » বরগুনায় বাবার দায়ের করা মামলায় বেকসুর খালাস দুই ছেলে
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

বরগুনায় বাবার দায়ের করা মামলায় বেকসুর খালাস দুই ছেলে

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় বাবার দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন আপন দুই ভাই মো. সালাহ উদ্দিন ও আবুল কালাম। রবিবার (১৬ আগস্ট) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রানা শেখ তাদের খালাসের আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, বরগুনা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বাছেদ বাচ্চু (৭১) তার দুই ছেলে সালাহ উদ্দিন ও আবুল কালামের বিরুদ্ধে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদালতের অনুমতি নিয়ে পুলিশ তদন্ত করে দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

 

অভিযোগে বলা হয়, পারিবারিক সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে সালাহ উদ্দিন ও আবুল কালাম তাদের বাবা এবং দুই প্রবাসী বোন পারভিন ও জেসমিনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন।

 

মামলার নথিপত্র, সাধারণ ডায়েরি, তদন্ত প্রতিবেদন এবং আদালতে সাক্ষীদের জবানবন্দি ও জেরা পর্যালোচনায় অভিযোগের সঙ্গে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। বিশেষ করে ঘটনার তারিখ ও সময় নিয়ে অসঙ্গতি, প্রবাসে থাকা বাদীর দুই মেয়ের ঘটনাস্থলে উপস্থিতির বিষয়, চিকিৎসা সনদের অনুপস্থিতি এবং সাক্ষীদের পরস্পরবিরোধী বক্তব্য আদালতের নজরে আসে। এসব কারণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুই আসামিকে বেকসুর খালাস দেন।

 

আসামিপক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘আদালতে মামলার বিভিন্ন অসঙ্গতি ও আইনি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ঘটনার সময়-তারিখের অসঙ্গতি, প্রবাসী দুই মেয়ের কথিত উপস্থিতি, চিকিৎসা সনদের অনুপস্থিতি এবং সাক্ষীদের পরস্পরবিরোধী বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। এসব বিষয় পর্যালোচনা করে আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন।’

 

খালাস পাওয়া বড় ছেলে সালাহ উদ্দিনের দাবি, তাদের মায়ের জীবদ্দশায় বরগুনা শহরের কয়েক কোটি টাকা মূল্যের একটি বাড়ি ‘তানিয়া’ নামের এক তরুণীর নামে লিখে দেওয়া হয়েছিল। এ নিয়ে তারা প্রতিবাদ করায় বাবা তাদের ওপর ক্ষুব্ধ হন। পরে ওই তরুণী বাড়িটি বিক্রি করে বাবাকে ছেড়ে চলে যান বলেও দাবি করেন তিনি।

 

অপর ছেলে আবুল কালামের অভিযোগ, তাদের বাবা বৃদ্ধ বয়সে একাধিকবার কম বয়সী নারীকে বিয়ে করেছেন। তার দুই বোন বাবার পক্ষ নিয়েছেন বলেও দাবি করেন তিনি। আবুল কালামের ভাষ্য, পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে একটি ‘অশুভ চক্র’ তাদের বাবাকে প্রভাবিত করছে এবং বিপুল সম্পত্তি বিক্রি করা হচ্ছে। তার দুই প্রবাসী বোনও বাবার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

 

দুই ভাইয়ের দাবি, তাদের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ আনা হলেও তা আদালতে প্রমাণিত হয়নি। ফলে আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

 

তবে অভিযোগের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ বাচ্চু বলেন, ‘আমাকে দুই ছেলে মারধর করেছে। তারা আমার কাছে ক্ষমাও চায়নি। আদালত এক হাজার টাকা জরিমানা করলেও আমি খুশি হতাম। বৃদ্ধ বয়সে আবারও হয়তো ছেলেদের হাতে মার খেতে হবে। আল্লাহর কাছে বিচার দিলাম।’

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩১ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ