গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

হোম » বরিশাল » গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে জমি-জমা বিরোধের জেরে এক সৌদি প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ও দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী চাঁদনী আক্তার শনিবার রাতে গৌরনদী মডেল থানায় প্রতিবেশী নারায়ণ মিত্রসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদনী আক্তার ও তার সৌদি প্রবাসী স্বামী সরোয়ার হোসেন হাওলাদার উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সুন্দরদী মৌজায় রিপন মিত্র ও সুমন মিত্রের কাছ থেকে ১৪ শতক জমিসহ একটি একতলা পাকা বাড়ি ক্রয় করেন। পরে বাড়ির দখল বুঝে নিতে পূর্ব ও উত্তর সীমানার কিছু অংশে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেন তারা।

 

চাঁদনী আক্তারের অভিযোগ, পূর্বের মালিক রিপন মিত্র ও সুমন মিত্রের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের চাচা নারায়ণ মিত্রের লোকজন শুক্রবার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটের দিকে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। এ সময় বাড়িতে স্থাপিত দুটি সিসিটিভি ক্যামেরাও পিটিয়ে ভাঙচুর করা হয়।

 

ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে চাঁদনী আক্তার শনিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রবাসীর স্ত্রীর দেওয়া লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

তবে চাঁদনী আক্তারের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নারায়ণ মিত্র বলেন, ‘আমি রাতে ঘুমিয়েছিলাম। কে কী করেছে, আমি জানি না। আমার কোনো লোকজন নেই। লোকজন থাকলে তো আমি দিনেই ভাঙাতে পারতাম।’

বাংলাদেশ সময়: ১৯:৩০:৩৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ