গলাচিপায় টিনের বেড়া কেটে এনজিও অফিসে চুরি, আতঙ্ক

হোম » পটুয়াখালী » গলাচিপায় টিনের বেড়া কেটে এনজিও অফিসে চুরি, আতঙ্ক
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ রোডের কলাবাগান এলাকায় গভীর রাতে টিনের বেড়া কেটে ‘ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থা’র অফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে অফিস খুলে চুরির বিষয়টি টের পান মালিকের ছেলে সাব্বির হোসেন কাজী। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অফিসের মালিক মো. শাহীন কাজী জানান, গভীর রাতে দুর্বৃত্তরা অফিসের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা এলইডি টিভি, সিসি ক্যামেরা, কম্পিউটার মনিটর, চেয়ার, এসি, স্টিলের আলমারি, ব্যাংকের চেক, স্ট্যাম্পসহ অফিসের বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

শাহীন কাজী আরও জানান, প্রায় এক বছর আগেও একই কায়দায় তার অফিস থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছিল।

শাহীন কাজীর ছেলে সাব্বির হোসেন কাজী বলেন, আমাদের অফিসের মালামাল চুরি করে নিয়ে গেছে।

শাহীন কাজীর মা সাজেদা বেগম বলেন, আমার ছেলের ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার অফিসের মালামাল চুরি করে নিয়ে গেছে। আমার ছেলে আজ পথে বসে গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার  (১৩ আগস্ট) গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন সাব্বির হোসেন কাজী।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি পৌরসভার বাজারসহ আশপাশের এলাকায় একের পর এক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। চুরি প্রতিরোধে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৯:১১ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ