বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির বিরল দাতিনা ভোল, বিক্রি সাড়ে ৩ লাখে
হোম »
কুয়াকাটা »
বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির বিরল দাতিনা ভোল, বিক্রি সাড়ে ৩ লাখে
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বঙ্গোপসাগরে জেলে ইলিয়াছ হোসেনের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘দাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাটের কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
গত ১১ আগস্ট সাগরে মাছ শিকারের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের ট্রলার ‘এফবি মায়ের দোয়া’র জালে মাছটি ধরা পড়ে। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ট্রলারটি কূলে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় জালে আটকা পড়ে মাছটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাছটি বাগেরহাটের কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য তোলা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
মাছটির ক্রেতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘এই প্রজাতির মাছের মণ সাধারণত ছয় লাখ টাকার বেশি। সেই হিসাবে ২২ কেজির মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি।’ পরে বরফ দিয়ে মাছটি চট্টগ্রামের বড় মোকামে পাঠানো হবে বলে জানান তিনি।
উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, এই প্রজাতির মাছের পটকা বা বায়ুথলির আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এটি ওষুধ, সার্জিক্যাল সুতা ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।
দীর্ঘদিন পর এত বড় আকৃতির দাতিনা ভোল ধরা পড়ায় স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৭ ●
১২ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)