
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন নয় শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে এসব হুইলচেয়ার দেওয়া হয়।
সোমবার (৩ আগস্ট) বিকেলে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হুইলচেয়ার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, এসব হুইলচেয়ার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের সমান অধিকারসম্পন্ন নাগরিক। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়, এটি তাদের আত্মবিশ্বাস, স্বাধীনতা ও শিক্ষার পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি আরও বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কোনো শিশুই যেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।