র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপন হামলা মামলার ৩ আসামি গ্রেফতার

হোম » বরিশাল » র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপন হামলা মামলার ৩ আসামি গ্রেফতার
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপন হামলা মামলার ৩ আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে এডভোকেট রিপন চৌকিদারের ওপর হামলা মামলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) সকালে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান ও র‍্যাব-১০ এর সদস্যদের যৌথ অভিযানে ঢাকার মুন্সিগঞ্জ এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি আলী হোসেন বয়াতি, ২ নম্বর আসামি হানিফ বয়াতি ও ৩ নম্বর আসামি মিজানুর বয়াতিকে গ্রেফতার করা হয়।

 

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে মুন্সিগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ পর্যন্ত এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলী হোসেন বয়াতি ও এডভোকেট রিপন চৌকিদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৭ জুলাই জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে এডভোকেট রিপন চৌকিদারের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ১৯ জুলাই এডভোকেট রিপনের বাবা রহমান চৌকিদার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ২২ জন ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

 

আসামিদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:৩২ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ