
সাগরকন্যা প্রতিবেদক
রাজধানীর দনিয়া ও কদমতলী এলাকায় নির্মাণ বিধিমালা ও ব্যবহারগত ব্যত্যয় রোধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ২১টি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ৩৩টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৩ আগস্ট) রাজউকের জোন-৭/১-এর আওতাধীন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও রাজউকের জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্র জানায়, অভিযানে কোনো অর্থদণ্ড করা হয়নি। তবে বিভিন্ন ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়। একটি ভবনের কলামের রডও কর্তন করা হয়েছে।
অভিযানে দনিয়ার ৭/২ মুক্তধারা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ৪ তলা ভবনের ১টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির কাছে হস্তান্তর করা হয় এবং ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। দনিয়ার ১৬১৭ নম্বর এলাকার একটি নির্মাণাধীন ১ তলা ভবনের ২টি মিটার জব্দের পাশাপাশি কলামের রড কর্তন করা হয়।
এছাড়া দনিয়া, ইসলামবাগ, পাটেরবাগ, দক্ষিণ দনিয়া, মীর সড়ক, জিয়া সরণি ও স্মৃতিধারা এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। কয়েকটি ভবনের অবৈধ বা অনুমোদনবহির্ভূত অংশ অপসারণ করা হয়েছে।
রাজউক জানায়, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ ও ব্যবহার বিধিমালা মেনে চলতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।