মোরেলগঞ্জে সেফটি ট্যাংকের দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত, আহত ২

হোম » খুলনা » মোরেলগঞ্জে সেফটি ট্যাংকের দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত, আহত ২
শনিবার ● ১ আগস্ট ২০২৬


মোরেলগঞ্জে সেফটি ট্যাংকের দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত, আহত ২সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার সেফটি ট্যাংকের দেয়াল নির্মাণকাজ চলাকালে হঠাৎ সেটি ধসে পড়ে। এ সময় কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

 

নিহত আতিয়ার রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাদামাটির চাপে সেফটি ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৩৬ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ