নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, কলাপাড়ায় গঠিত হলো নতুন হাজীপুর ইউনিয়ন

হোম » পটুয়াখালী » নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, কলাপাড়ায় গঠিত হলো নতুন হাজীপুর ইউনিয়ন
শনিবার ● ১ আগস্ট ২০২৬


পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ বিভাজন করে নতুন ১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। নির্বাচনের সময় ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

 

এতে কলাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা বেড়ে ১৩টিতে উন্নীত হলো। এছাড়া উপজেলায় দুটি পৌরসভা ও দুটি থানা রয়েছে।

 

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার আগে নীলগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে নতুন একটি ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের খবরে নতুন ইউনিয়নভুক্ত এলাকাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

পুনর্গঠিত ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়ন নীলগঞ্জ, নবীপুর, কুমিরমারা, টুঙ্গিবাড়িয়া ও সোনাতলা মৌজার অংশবিশেষসহ ২৫টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪৪ এবং নারী ১১ হাজার ২৩৬ জন।

 

অন্যদিকে নতুন ১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন উমেদপুর, হাজীপুর ও সোনাতলা মৌজার অংশবিশেষসহ ২৪টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬৯ এবং নারী ১০ হাজার ৫৩১ জন।

 

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, সংসদ নির্বাচনের প্রচারণার সময় নীলগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নতুন একটি ইউনিয়ন। আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হওয়ার অল্প সময়ের মধ্যেই সেই দাবি পূরণ করেছেন।

 

সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছি। নীলগঞ্জ ইউনিয়ন বিভাজনের কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ হবে।

 

তিনি আরও বলেন, মহিপুরকে উপজেলা ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া রাঙ্গাবালীতে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, কলাপাড়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন এবং যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে কলাপাড়ায় স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়ন হয়েছে।

 

উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সড়ক যোগাযোগ উন্নয়নে ৫৫ কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের অনুমোদন মিলেছে। এর মধ্যে সাড়ে তিন কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলমান। এছাড়া ১২টি সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে, যার মধ্যে দুটি অনুমোদন পেয়েছে এবং বড় পাঁচটি সেতুর নকশা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি বি-সেফ প্রকল্পের আওতায় ১০০ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ