
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দীন (ভোলা)
বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে উদ্ধার হওয়া দুই পর্যটকের একজন ভোলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২)। তিনি ওই ইউনিয়নের আব্দুল হক মিয়ার একমাত্র ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছায়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় একটি কটেজে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে সবাই বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান।
ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে এগিয়ে যান। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সন্ধ্যা ৬টার দিকে গাইড মো. ইসমাইল বগালেক আর্মি ক্যাম্পে জানান।
এরপর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তল্লাশি অভিযান চালিয়ে রাত প্রায় ১১টার দিকে বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে জামির উদ্দিন ও রোকাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, জামির উদ্দিনের মৃত্যুর খবর বোরহানউদ্দীনের বড় মানিকা ইউনিয়নে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, জামির উদ্দিন ছিলেন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে এবং পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এনআর/এমআর