ববি শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

হোম » শিক্ষা » ববি শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার ● ২২ জুলাই ২০২৬


ববি শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার (২৭)। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনা বিভাগে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে উচ্ছ্বাসের ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।

সহপাঠীরা জানান, উচ্ছ্বাস ছিলেন প্রাণবন্ত স্বভাবের। কয়েক মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর তিনি বরিশালের বাইরে চলে যান। প্রায় দেড় মাস আগে বরিশালে ফিরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় সড়কের ওই ভবনের নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। বরিশালে ফিরে আসার বিষয়টি অধিকাংশ বন্ধু ও সহপাঠী না জানায় তাঁর সঙ্গে কারও নিয়মিত যোগাযোগ ছিল না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিক্ষার্থীটি আত্মহত্যা করেছেন। তাঁর বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২:০০:২০ ● ২৩ বার পঠিত




আর্কাইভ