কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার
বুধবার ● ২২ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় চার ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra) উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে উপজেলার গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) ব্যানারে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা যৌথভাবে সাপটি উদ্ধার করেন।

 

স্থানীয়রা জানান, বসতবাড়ির আঙিনায় হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সাপটিকে জীবিত উদ্ধার করেন। এ সময় উদ্ধার অভিযান দেখতে স্থানীয়দের ভিড় জমে।

 

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) কুয়াকাটা টিমের সদস্য কেএম বাচ্চু বলেন, ‘লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা)-এর সদস্যসচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, ‘মানুষের সচেতনতা বাড়লে বন্যপ্রাণী হত্যা অনেকাংশে কমে আসবে। আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছি।’

 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য রাকায়েত আহসান বলেন, ‘উদ্ধারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরে সাপটিকে তার স্বাভাবিক আবাসস্থল গঙ্গামতির জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।’

 

উদ্ধার হওয়া সাপটিকে গঙ্গামতি সংরক্ষিত বনে অবমুক্ত করার কথা জানিয়ে বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপসহ সব বন্যপ্রাণী সংরক্ষিত। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে না মেরে বন বিভাগ অথবা প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১২:১৪:৫৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ