তালতলী উপজেলা পরিষদের আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রির অভিযোগ

হোম » বরগুনা » তালতলী উপজেলা পরিষদের আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রির অভিযোগ
বুধবার ● ২২ জুলাই ২০২৬


 

তালতলী উপজেলা পরিষদের আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা) 

 

বরগুনার তালতলী উপজেলা পরিষদের ডরমিটরিতে ব্যবহৃত সরকারি দুটি আইপিএসের ব্যাটারি কোনো ধরনের অনুমোদন, নিলাম বা টেন্ডার ছাড়াই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।

 

জানা গেছে, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য প্রায় সাত বছর আগে ডরমিটরিতে দুটি বড় ব্যাটারিসহ একটি আইপিএস স্থাপন করা হয়। পরে ব্যাটারি দুটি অকার্যকর হয়ে পড়লে সেগুলো বিক্রি করে দেওয়া হয়। তবে কবে ব্যাটারি দুটি বিক্রি করা হয়েছে এবং কী প্রক্রিয়ায় তা বিক্রি করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ব্যাটারি দুটি বিক্রির কথা স্বীকার করে বলেন, এগুলো আগের উপজেলা প্রকৌশলীর সময়ের এবং পুরোনো হওয়ায় ৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা এলজিইডি কার্যালয়ের এক কর্মচারীর কাছে রাখা হয়েছে বলে জানান তিনি। তবে ওই কর্মচারীর নাম ও পদবি তিনি জানাননি। ফলে বিক্রির টাকা কার কাছে রাখা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 

মঙ্গলবার সাংবাদিকদের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ব্যাটারি দুটি উপজেলা পরিষদের সরকারি সম্পদ। সরকারি নিয়ম অনুসরণ ছাড়া এগুলো বিক্রি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ব্যাটারি বিক্রির বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায়ও কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১১:০৩:১৩ ● ২৫ বার পঠিত




আর্কাইভ