
সাগরকন্যা প্রযুক্তি ডেস্ক
গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত কোনো বিজ্ঞাপন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা এখন সহজেই জানতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য মাই অ্যাড সেন্টারে নতুন একটি সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে বিজ্ঞাপনে এআই ব্যবহারের তথ্য আরও স্বচ্ছভাবে তুলে ধরা হবে।
বর্তমানে এআই প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত, সহজে এবং তুলনামূলক কম খরচে বিজ্ঞাপন তৈরি করতে পারছে। বাস্তবে আলোকচিত্র ধারণ ছাড়াই বিভিন্ন পরিবেশে পণ্যের বাস্তবধর্মী ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। এতে সময় ও ব্যয় কমলেও অনেক ক্ষেত্রে এসব ছবি বাস্তব, নাকি এআই দিয়ে তৈরি তা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে ব্যবহারকারীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়।
গুগলের নীতিমালায় বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বিজ্ঞাপনের অনুমতি নেই। তবে কোনো বিজ্ঞাপনে এআই দিয়ে তৈরি বা ডিজিটালভাবে সম্পাদিত ছবি ব্যবহার করা হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না। এত দিন শুধু নির্বাচনী বিজ্ঞাপনে এআই ব্যবহারের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ছিল। নতুন সুবিধা চালু হলে সাধারণ বাণিজ্যিক বিজ্ঞাপনেও সেই তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।
গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি মাই অ্যাড সেন্টারে যুক্ত করা হচ্ছে। গুগল সার্চ, ইউটিউব ও গুগল ডিসকভারে প্রদর্শিত বিজ্ঞাপনের পাশে থাকা তিনটি বিন্দু বা তথ্যচিহ্নে ক্লিক করলে ব্যবহারকারীরা এই প্যানেলে প্রবেশ করতে পারবেন। পর্যায়ক্রমে বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।
বর্তমানে মাই অ্যাড সেন্টার থেকে বিজ্ঞাপন ব্লক বা প্রতিবেদন করার পাশাপাশি বিজ্ঞাপনদাতা সম্পর্কে তথ্য এবং কেন নির্দিষ্ট বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে, সেটিও জানা যায়। নতুন সুবিধা চালু হলে সেখানে বিজ্ঞাপনটি কীভাবে তৈরি করা হয়েছে নামে একটি নতুন অপশন যুক্ত হবে। ওই অংশে উল্লেখ থাকবে, বিজ্ঞাপনটি সম্পূর্ণ এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে, নাকি পরে এআই ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।
গুগলের নিজস্ব জেনারেটিভ এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরির সরঞ্জাম ব্যবহার করা হলে এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। তবে অন্য কোনো সফটওয়্যার বা প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করা হলে সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতাকেই জানাতে হবে, সেটি তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না। এ ক্ষেত্রে গুগল নিজে থেকে সেই তথ্য যাচাই করবে না।
এ ছাড়া, যেসব দেশে স্থানীয় আইন অনুযায়ী এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক, সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে আলাদাভাবে এআই নির্মিত বা এআই সম্পাদিত লেবেলও প্রদর্শন করা হবে। এতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, বিজ্ঞাপনটির কোন অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।