জুনের বাড়তি বিদ্যুৎ বিলে বিপাকে কলাপাড়ার ৯৪ হাজার গ্রাহক

হোম » লিড নিউজ » জুনের বাড়তি বিদ্যুৎ বিলে বিপাকে কলাপাড়ার ৯৪ হাজার গ্রাহক
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

জুনের বাড়তি বিদ্যুৎ বিলে বিপাকে কলাপাড়ার ৯৪ হাজার গ্রাহক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পল্লী বিদ্যুতের আওতাধীন প্রায় ৯৪ হাজার গ্রাহকের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ গ্রাহক অভিযোগ করেছেন, তাঁদের জুন মাসের বিল মে মাসের তুলনায় দেড় থেকে দ্বিগুণ, কোথাও কোথাও তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, মিটার রিডিং যথাযথভাবে না দেখে অনুমাননির্ভর বিল তৈরি করা হয়েছে। ফলে প্রকৃত বিদ্যুৎ ব্যবহার অপেক্ষা বেশি ইউনিট দেখিয়ে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। তাদের অভিযোগ, জুন মাসে লোডশেডিং থাকায় বিদ্যুৎ ব্যবহার কম হলেও বিলে উল্টো বেশি ইউনিট দেখানো হয়েছে।

 

গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব ও পৌর শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা গাজী আব্বাস উদ্দিন বাচ্চু সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, তাঁর দুটি মিটারে অস্বাভাবিক বিল এসেছে। একটি মিটারে জুন মাসে ৬৫০ ইউনিট দেখিয়ে ৮ হাজার ৫৫ টাকা বিল করা হয়েছে, যেখানে মে মাসে ইউনিট ছিল ৪২৫। অপর মিটারে মে মাসে ৩১০ ইউনিটের বিপরীতে জুন মাসে ৪৫০ ইউনিট দেখিয়ে ৪ হাজার ৬০৩ টাকা বিল করা হয়েছে। তাঁর দাবি, মিটার না দেখেই রিডিং নির্ধারণ করা হয়েছে।

 

টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনির বাসিন্দা মো. ফোরকান হাওলাদার বলেন, তাঁদের এলাকায় সাধারণত ২৮০ থেকে ৩৫০ টাকা বিদ্যুৎ বিল আসত। কিন্তু জুন মাসে শতাধিক পরিবারের প্রায় সবাইকে দেড় থেকে দুই গুণ বেশি বিল দেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষের জন্য এ বিল পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 

কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. জহির হোসেন বলেন, তিনি প্রতি মাসে ৪০০ থেকে ৪৫০ টাকা বিল পরিশোধ করতেন। কিন্তু জুন মাসে তাঁর দোকান ও বাসার বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ এসেছে। তাঁর অভিযোগ, অধিকাংশ গ্রাহকের ক্ষেত্রেই অনুমাননির্ভর বিল করা হয়েছে।

 

গ্রাহকদের অভিযোগ, গড়ে প্রতি মিটারে ৩০ থেকে ১০০ ইউনিট পর্যন্ত অতিরিক্ত দেখিয়ে বিল করা হয়েছে। তাঁদের দাবি, এর মাধ্যমে বিপুল পরিমাণ অতিরিক্ত বিল আদায় করা হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত ও সংশোধনের দাবি জানিয়েছেন তারা।

 

পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, কলাপাড়া জোনাল অফিসের আওতায় ৬১ হাজার ৭৫১ জন এবং কুয়াকাটা জোনাল অফিসের আওতায় ৩২ হাজার ৩১২ জন গ্রাহক রয়েছেন। মোট গ্রাহক সংখ্যা ৯৪ হাজার ৬৩।

 

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ আব্দুর রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরা পাচ্ছি। তদন্ত করে যেসব অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে, সেসব বিল সংশোধন করে দেওয়া হচ্ছে। তবে লোকবল সংকটের কারণে কিছুটা সময় লাগছে।’ তিনি জানান, গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৫৯ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ