এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গৌরনদী ইউএনও ইব্রাহীম

হোম » শিক্ষা » এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গৌরনদী ইউএনও ইব্রাহীম
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


 

এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গৌরনদী ইউএনও ইব্রাহীম

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বরিশালের গৌরনদী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় তিনি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং কক্ষ তদারকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে ইউএনও কেন্দ্রসচিব ও দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রের অধীনে উপজেলার সাতটি কলেজের মোট ১ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্রে বেঞ্চের স্বল্পতা থাকায় পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা নিয়ে কিছু সমস্যা দেখা দিলে বিষয়টি জানতে পেরে ইউএনও তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় বেঞ্চের ব্যবস্থা করেন।

 

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ‘পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

তিনি পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’

বাংলাদেশ সময়: ১১:৩১:২৪ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ