
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে একটি দোকানে চুরির সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার ভেতরে প্রায় সাড়ে তিন ঘণ্টা আত্মগোপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সুজন হাওলাদার (৩২) নামে এক ব্যক্তি। বুধবার ভোরে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের একটি খাল থেকে তাকে আটক করেন স্থানীয়রা।
আটক সুজন হাওলাদার উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন সুজন। এ সময় দোকানের মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে তিনি দোকানের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার ভেতরে লুকিয়ে পড়েন।
স্থানীয়রা খালটি ঘিরে রেখে তল্লাশি চালান। প্রায় সাড়ে তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতরে নাক জাগিয়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
পূর্ব শরিফাবাদ গ্রামের বাসিন্দা সজীব হাওলাদার বলেন, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে চিকিৎসার জন্য তাকে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।