
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের কাপুরিয়াপট্টি এলাকা থেকে মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কালাইয়া মোল্লা মার্কেট ও পরে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও জামায়াত-সমর্থিত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় বিএনপি নেতা আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
মামলায় ছাত্রশিবির নেতা মো. ইমরান হোসেনের নামও অন্তর্ভুক্ত থাকায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামি মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/এমআর