দশমিনায় মারধর করে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল গৃহবধূকে; স্বামী-শ্বশুর গ্রেফতার

হোম » পটুয়াখালী » দশমিনায় মারধর করে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল গৃহবধূকে; স্বামী-শ্বশুর গ্রেফতার
বুধবার ● ১০ জুন ২০২৬


 

দশমিনায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূ নির্যাতন ঘটনায় স্বামী-শ্বশুর গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী মো. শাহজামাল ও শ্বশুর মো. মোসলেম মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

জানা গেছে, বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় এক গৃহবধূকে টমটমে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামী মো. শাহজামাল ও শ্বশুর মো. মোসলেম মৃধার সঙ্গে স্থানীয়দের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী লিপি বেগম বলেন, বিয়ের পর থেকে তার সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্বামীর দ্বিতীয় বিয়ের পর থেকে পারিবারিক নির্যাতন শুরু হয়। বুধবার সকালে তাকে মারধর করে অচেতন করা হয় এবং হাত-পা বেঁধে টমটমে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি সুস্থ হয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানান।

 

প্রত্যক্ষদর্শী হেলাল মৃধা জানান, তিনি ও কয়েকজন স্থানীয় লোক এক নারীকে হাত-পা বাঁধা অবস্থায় টমটমে দেখতে পান। বাধা দিতে গেলে হামলার চেষ্টা করা হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি আহত হন বলে দাবি করেন।

 

দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লিপি বেগমকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্বামী মো. শাহজামাল ও শ্বশুর মো. মোসলেম মৃধাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ