
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭০ নম্বর পাটিকেলবাড়ী বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাঈমুন নাহার অথৈ জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। প্রধান শিক্ষকের অবহেলার কারণে এ সুযোগ হারিয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাঈমুন নাহার অথৈ প্রথমে ইউনিয়ন পর্যায়ে এবং পরে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। প্রয়োজনীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও সে নির্ধারিত সময়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি।
অভিভাবকদের অভিযোগ, উপজেলা শিক্ষা অফিস থেকে প্রতিযোগিতার সময়সূচি ও নির্দেশনা প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই দিন আগেই পাঠানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বিষয়টি যথাযথভাবে অনুসরণ না করায় শিক্ষার্থীটি সুযোগ হারায়।
তারা আরও জানান, একাধিকবার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো বার্তা পাননি বলে দাবি করেন। তবে হোয়াটসঅ্যাপ বার্তার প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও অভিভাবকরা দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা মৈত্র বলেন, ‘আমি দুই দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেছি, কিন্তু প্রতিযোগিতা সংক্রান্ত কোনো তথ্য পাইনি। অথৈ যদি অংশ নিত এবং পুরস্কার পেত, তাহলে আমরাই সবচেয়ে বেশি আনন্দিত হতাম।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন বলেন, জেলা পর্যায়ের প্রতিযোগিতার নির্দেশনা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীটি অংশ নিতে না পারা দুঃখজনক। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে এবং ঘটনা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একই নির্দেশনা পেয়ে তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু তদন্ত ও দায় নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।