
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৪টি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে আটক জেলে ও বোটগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরবর্তীতে সোমবার দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, দুই দেশের কোস্ট গার্ডের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে দ্রুত সময়ে জেলেদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সমুদ্রের নিরাপত্তা ও জেলেদের স্বার্থরক্ষায় এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র কমান্ডার শাহ্ কামরুজ্জামান বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা সম্ভব হয়েছে।