শিশুদের বক্তৃতা প্রতিযোগিতা কলাপাড়ায় আন্ধারমানিক নদী বাঁচাতে ১০ শিক্ষার্থীর জোরালো আহ্বান

হোম » লিড নিউজ » শিশুদের বক্তৃতা প্রতিযোগিতা কলাপাড়ায় আন্ধারমানিক নদী বাঁচাতে ১০ শিক্ষার্থীর জোরালো আহ্বান
শনিবার ● ৬ জুন ২০২৬


 

কলাপাড়ায় শিশুদের বক্তৃতা প্রতিযোগিতায় আন্ধারমানিক নদী বাঁচাতে ১০ শিক্ষার্থীর জোরালো আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় আন্ধারমানিক নদী রক্ষায় সরব হয়েছে ১০ শিশু শিক্ষার্থী। তারা তাদের নির্ধারিত বক্তব্যে নদীটির বর্তমান সংকট, পরিবেশগত অবক্ষয় ও করণীয় বিষয়ে বাস্তবধর্মী সুপারিশ তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কৈশোরী ইসলাম তার বক্তব্যে বলেছে, ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী বাঁচলে কলাপাড়া বাঁচবে; আর কলাপাড়া বাঁচলে আমরা বাঁচব।

 

একই বিদ্যালয়ের আরশীয়া যারীন বলেছে, এই নদী শুধু পানি বহন করে না, জীবিকা নির্বাহ হয়। এক সময়ের খরস্রোতা নদী এখন মরাখালে পরিণত হয়েছে।

 

একই সাথে নদীটি রক্ষায় সে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

 

অ্যালফাবেট কিন্ডারগার্টেনের শিক্ষার্থী নুসাইবা রহমান আনিসা তার বক্তব্যে আন্ধারমানিক নদী রক্ষায় প্লাস্টিক ও পলিথিন না ফেলার জন্য সকলের সহযোগিতা কামনা করে।

 

এছাড়া বক্তৃতা প্রতিযোগিতায় আরও অংশ নেয় জান্নাতুল মাওয়া, সাওদা শরীফ, রুপায়তা বিনতে আলমগীর, রূপা, ইয়াসিন আরাফাত, মুঞ্জুমা জামান ও নীরব কর্মকার।

 

‘আমার দেখা আন্ধারমানিক, আমাদের করণীয়’ শীর্ষক এ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নাগরিক সমাজ কলাপাড়া, আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু।

 

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নাওভাঙা কামিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর এবং পরিবেশ সংগঠক কামাল হাসান রনি। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

 

কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহ সুজাউদ্দিন, নাজমুস সাকিব কনা, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, পরিবেশ সংগঠক শিক্ষক সাঈদুর রহমান, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়। অভিভাবকরাও এ সময় উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ছোট ছোট শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার এমন সচেতনতা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা। তারা আন্ধারমানিক নদী রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০:০৬:২২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ