
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাবশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি স্বরূপকাঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা আক্তার। তাঁর এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল বিকাশে কাজ করে আসছেন ফাহিমা আক্তার। সংশ্লিষ্টদের মতে, তাঁর নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি গভীর ভালোবাসার স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মানজনক অর্জন লাভ করেছেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এর আগেও একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। ২০২৩ সালে ৬টি, ২০২৪ সালে ২টি এবং ২০২৫ সালে ১টি শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। ধারাবাহিক এসব সাফল্য তাঁর কর্মনিষ্ঠা ও শিক্ষাদানের মানের প্রমাণ বহন করে।
অনুভূতি প্রকাশ করে ফাহিমা আক্তার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে।
তিনি আরও বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাবশিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার অর্জিত প্রতিটি শাপলা ও সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সকলের কাছে দোয়া চাই, যেন বিভাগীয় পর্যায়েও সফল হতে পারি।
ফাহিমা আক্তারের এ সাফল্যে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আরএ/এমআর