
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) বিষয়ক অবহিতকরণ সেমিনার শনিবার সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা, কাঠালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজ রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার এবং নলছিটি ব্র্যাক প্রতিনিধি শংকর কুমার মালি। প্রান্তিক পেশাজীবীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা নরসুন্দর সমিতির সভাপতি রাজিব শীল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অনগ্রসর আদি পেশাজীবীদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে ১০টি নির্দিষ্ট প্রান্তিক পেশার মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় কামার, কুমার, নরসুন্দর, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, জুতা মেরামত ও প্রস্তুতকারী, নকশীকাঁথা শিল্পীসহ ১০টি পেশার মানুষকে সহায়তা প্রদান করা হবে।
এসই/এমআর