
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সংলগ্ন দক্ষিণ শংকরপাশা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা দীর্ঘদিনের বাকিতে মালামাল বিক্রির কারণে ৪০ থেকে ৪৫ লাখ টাকা বকেয়ার ভারে চরম আর্থিক সংকটে পড়েছেন। মানবিক কারণে ধার-বাকিতে পণ্য বিক্রি করতে গিয়ে এখন নিজের প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখাই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাওনা টাকা আদায়ে শেষ পর্যন্ত তিনি মাইকিং শুরু করেছেন।
সরেজমিনে জান যায়, শনিবার (১৬ মে) সকাল থেকে বকেয়া আদায়ে এমন ভিন্নধর্মী ব্যবস্থা নেওয়ায় অনেকে নানা মন্তব্য করছেন।
জানা গেছে, সাইফুল ইসলাম বাদশা আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও পরবর্তীতে পরিবারের টানে গ্রামের বাড়িতে ফিরে এসে ব্যবসা শুরু করেন। তিনি মুদির মালামাল, ইজিবাইক, ব্যাটারি ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশ বিক্রি শুরু করেন। ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সাত বছরে তিনি অটোচালকসহ বিভিন্ন গ্রাহকের কাছে বাকিতে পণ্য বিক্রি করেন, যার পরিমাণ দাঁড়ায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। এতে তার দুটি প্রতিষ্ঠান- মেসার্স আদিল আহনাফ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্যাটারি- এখন চরম সংকটে পড়েছে।
তিনি জানান, গত ১৩ মে থেকে হালখাতা আয়োজন করেও কাঙ্ক্ষিত সাড়া পাননি। ১৫ মে পর্যন্ত মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা আদায় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি বাধ্য হয়ে মাইকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পাওনা পরিশোধের আহ্বান জানাতে শুরু করেন।
ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা বলেন,
আমি সাত বছর ধরে এখানে ব্যবসা করছি। আমার বেশিরভাগ ক্রেতা অটোচালক। তারা অনেক সময় টাকার অভাবে বাকিতে ব্যাটারি ও যন্ত্রাংশ নেয়। কিন্তু নেওয়ার পর অনেকেই আর দোকানে আসে না বা যোগাযোগ এড়িয়ে চলে। এতে প্রায় ৪৫ লাখ টাকা বকেয়া পড়ে গেছে। এখন বাধ্য হয়ে মাইকিং করছি। এরপরও যদি টাকা না পাওয়া যায়, তাহলে তাদের বাড়ির সামনে গিয়ে নাম ধরে মাইকিং করতে হবে।
স্থানীয় ব্যবসায়ী হাসান হাওলাদার বলেন,
তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা করছেন। মানবিক কারণে অটোচালকদের বাকিতে মালামাল দিয়েছেন। কিন্তু অনেকেই পরবর্তীতে যোগাযোগ রাখেন না। এতে তার ব্যবসা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে হালখাতায় টাকা পরিশোধ করতে আসা অটোচালক মো. হৃদয় বলেন,
আমি তার কাছ থেকে সুবিধায় বাকিতে মালামাল নিয়েছিলাম। আজ পাওনা টাকা পরিশোধ করেছি। আশা করি অন্যরাও দ্রুত টাকা পরিশোধ করে তার ব্যবসা টিকিয়ে রাখতে সহযোগিতা করবে।