
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য অপসারণ দাবির আন্দোলন ঘিরে বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশ থেকে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, খামার তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল-নোমান, সহকারী রেজিস্ট্রার মোঃ শহিদুল ইসলাম মৃধা, মোসা: ডলি বেগম এবং সেকশন অফিসার মোসা: নাসরিন বেগমসহ অন্যরা।
এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চলমান কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এছাড়া উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ রফিকুল ইসলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমআর