
সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কলাগাছিয়া চরে দোকান চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও প্রাপ্ত ছবিতে দেখা যায়, গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা দুই শিশু কাঁদছে। তাদের মধ্যে ছোট শিশু জিহাদ (৫) অঝোরে কান্নায় ভেঙে পড়ে, আর বড় ভাই শামিম (৭)-এর মাথার একাংশের চুল কাটা অবস্থায় দেখা যায়।
অভিযোগ অনুযায়ী, রবিবার দুপুরে কলাগাছিয়া চরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশে এ ঘটনা ঘটে। দোকান চুরির অভিযোগ এনে তোফায়েল দালালের দোকানের কর্মচারী আল আমিন শিশু দুটিকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং বড় ভাইয়ের চুল কেটে দেন বলে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।
নির্যাতিত শিশুদের মা লাইলি বেগম বলেন, আমি গিয়ে দেখি ওদের গাছের সঙ্গে বাঁধা। আমাকে দেখেই ওরা কান্না শুরু করে। পরে আল আমিন বলে- চুরি করছে, তাই শাস্তি দিছি।
শিশুদের বাবা স্বপন দালাল অভিযোগ করে জানান, চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে মারধর করে গাছে বেঁধে রাখা হয়েছে। একজনের মাথার চুলও কেটে দেওয়া হয়েছে।
অন্যদিকে দোকান মালিক তোফায়েল দালাল দাবি করেন, শিশু দু’টি আগের দিনও দোকানে চুরি করেছে, যা স্থানীয় জেলেরা তাকে জানিয়েছিল। তিনি বলেন, আল আমিন তাদের গাছে বেঁধে রেখেছে, তবে মারধর বা চুল কাটার বিষয়টি সঠিক নয়।
এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসেন মুন্সি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।