
সাগরকন্যা ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার উন্নয়ন ও সাংস্কৃতিক সংরক্ষণে সরকারের গৃহীত কার্যক্রম জাতিসংঘে তুলে ধরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
গত ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
অধিবেশনে সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের সংবিধান ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
তিনি জানান, চুক্তির মোট ৭২টি ধারার মধ্যে ইতোমধ্যে ৬৫টি ধারা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। বাকি ৩টি ধারা আংশিকভাবে এবং ৪টি ধারা বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা উদ্যোগসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও তিনি তুলে ধরেন। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন বিশেষ সহকারী নিয়োগের বিষয়টিও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সংযোগ বৃদ্ধি এবং জীবিকার বৈচিত্র্যকরণের মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে সরকার কাজ করে যাচ্ছে।
পার্বত্য অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ বৃত্তি, বহুভাষিক শিক্ষা কার্যক্রম, ই-লার্নিং ব্যবস্থা, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল এবং মোবাইল মেডিকেল টিম কার্যক্রম জোরদারের কথাও তিনি উল্লেখ করেন।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২০ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে ২০ এপ্রিল থেকে ১ মে ২০২৬ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এই ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সচিব মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
বিষয়টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।