গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের অভিযোগ, বিভিন্ন মহলের প্রতিবাদ

হোম » বরিশাল » গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের অভিযোগ, বিভিন্ন মহলের প্রতিবাদ
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের অভিযোগ, বিভিন্ন মহলের প্রতিবাদ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে উকিল নোটিশসহ একের পর এক মিথ্যাচার চালাচ্ছে- এমন অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন।

 

স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ জানান, গৌরনদীতে যোগদানের পর অল্প সময়ের মধ্যেই মো. ইব্রাহীম তার সততা, দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একজন মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তিনি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করেছেন বলেও তারা উল্লেখ করেন।

 

গৌরনদী পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের জন্য ২০২৫ সালের ১২ মার্চ স্থানীয় এনজিও টিপিডিসহ দুটি প্রতিষ্ঠান আবেদন করে। পরবর্তীতে আবেদনগুলো পৌর নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। পরে একটি এনজিওকে কাজ দেওয়া হলেও টিপিডিওকে কোনো কার্যাদেশ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এ প্রেক্ষাপটে টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউএনও ও পৌর প্রশাসকের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠান। স্থানীয়রা এ নোটিশকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন।

 

গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়কারী প্রেমানন্দ ঘরামী বলেন, ‘গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা। তাকে লিগ্যাল নোটিশ দেওয়া ষড়যন্ত্র ছাড়া কিছুই না। মিথ্যা তথ্য দিয়ে যারা নোটিশ দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

সমষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহির বলেন, ‘একটি এনজিও অনৈতিক সুবিধা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ইউএনও ও পৌর প্রশাসকের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তিনি একজন সৎ, মানবিক ও সৃজনশীল মানুষ। ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার তার প্রশংসা ও সম্মাননা দিয়েছেন। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’

 

গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বলেন, ‘পলাতক ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। জনগণ তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে।’

 

অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘আমি আইন ও নিয়মের মধ্যে থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আইন রক্ষা করতে গিয়ে কোনো সমস্যা হলে তা আইনগতভাবেই মোকাবেলা করা হবে।’

 

উল্লেখ্য, এর আগে টিপিডিও নামের একটি সংস্থা অভিযোগ করে জানায়, হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজ পূর্বে অনুমোদন থাকার পরও অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তারা গত ২৮ এপ্রিল ইউএনওকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ