বরগুনায় ৩০০ পিচ ইয়াবাসহ কিশোর আটক, আদালতে সোপর্দ

হোম » বরগুনা » বরগুনায় ৩০০ পিচ ইয়াবাসহ কিশোর আটক, আদালতে সোপর্দ
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


বরগুনায় ৩০০ পিচ ইয়াবাসহ শিশু আটক, আদালতে সোপর্দ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিচ ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় গোমস্তা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে অলোক কীর্ত্তনীয়া অভিজিত (১৬) নামে ওই কিশোরকে আটক করা হয়। সে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামের আশিষ চন্দ্র কীর্ত্তনীয়ার ছেলে। তার দেহ তল্লাশি করে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩০ গ্রাম।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক বিকাশ কর্মকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলোক কীর্ত্তনীয়া অভিজিতকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, একটি চক্র শিশু-কিশোরদের ব্যবহার করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, ‘অলোক কীর্ত্তনীয়া অভিজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

বাংলাদেশ সময়: ১২:০৮:৫২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ