
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবদল থেকে বহিষ্কৃত শানু হাওলাদারকে ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্যপদ দেওয়াকে কেন্দ্র করে দলীয় অঙ্গন ও স্থানীয় জনমনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীরাও এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোমবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাউফল ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে সদস্য করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন বলেন, এ সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না; পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন।
দলীয় সূত্র জানায়, শানু হাওলাদার আগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য ছিলেন। ২০২২ সালের ৯ অক্টোবর ফরিদপুর সদর এলাকায় ইজিবাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ১১ অক্টোবর কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করে। তৎকালীন সহসভাপতি কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত বহিষ্কারপত্রে নৈতিক স্থলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও অন্যান্য অভিযোগে ডজনখানেকের বেশি মামলা রয়েছে এবং একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলবিলাস গ্রামের দরিদ্র পরিবারে জন্ম শানুর। একসময় ঢাকায় কেয়ারটেকারের কাজ করলেও পরে এলাকায় ফিরে নিজেকে ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে সক্রিয় হিসেবে পরিচয় দেন। দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন।
পুলিশের দাবি, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোরচক্র সিএনজি, ট্যাক্সি, অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইয়ে জড়িত। পাশাপাশি দারোয়ান ও কেয়ারটেকারদের সঙ্গে সখ্য গড়ে তুলে বাসাবাড়িতে চুরির ঘটনাতেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে তাকে পদ দেওয়া হয়ে থাকতে পারে। তাদের মতে, বর্তমানে দলে পদ পেতে যোগ্যতার চেয়ে অর্থের প্রভাব বেশি কাজ করছে।
তবে শানু হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক; অনেক মামলায় তিনি খালাস পেয়েছেন এবং যুবদলের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার জানান, অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ সঠিক নয়; যুবদল বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।