দুমকিতে পন্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর

হোম » পটুয়াখালী » দুমকিতে পন্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

দুমকিতে পন্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি ফেরিঘাট এলাকায় পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম টুটুল (৫৭) নামের এক বৃদ্ধের লাশ ৩১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চরগরবদি ফেরিঘাট সংলগ্ন মাঝ নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল ৮টার দিকে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনের একটি বলগেটের সহায়তায় লাশটি তীরে এনে উদ্ধার করে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চরগরবদি ফেরিঘাটে নোঙর করা একটি ফেরির পন্টুনে অবস্থানকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জহিরুল ইসলাম টুটুল নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকাল থেকে দিনভর উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার ভোরে মাঝ নদীতে তার লাশ ভেসে ওঠে।

বাংলাদেশ সময়: ১২:৩৫:১৩ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ