ভোলার বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা

হোম » ভোলা » ভোলার বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিয়ের আগে বিষপানে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুটি রানী শীল (১৮) স্থানীয় সঞ্চয় চন্দ্র শীলের মেয়ে। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

স্থানীয়রা সাগরকন্যাকে জানান, সকালে নিজ বাড়িতে বিষপান করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রতিবেশীরা জানান, চলতি বৈশাখ মাসেই তার বিয়ে নির্ধারিত ছিল। বিয়েকে ঘিরে পরিবারে কিছুটা চাপ ও দুশ্চিন্তা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম লক্ষ্য করা গেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের উদ্যোগ নিয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ