গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

হোম » বরিশাল » গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষায় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে মিন্টুকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

 

এ ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে যুবদল নেতা মো. উজ্জ্বল সরদার বলেন, ‘ফেইক আইডি ব্যবহার করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত। আমরা এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হিরা রহমান সাদ্দাম সাগরকন্যাকে বলেন, ‘বদিউজ্জামান মিন্টু একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’ ছাত্রদল নেতা মো. রমজান ডাক্তার বলেন, ‘ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো গুরুতর অপরাধ। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।’

 

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, ‘দলের দুঃসময়ে মিন্টু সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। তাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।’ তারা আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।’

 

এদিকে, জিডি দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। প্রযুক্তির সহায়তায় ভুয়া আইডির উৎস শনাক্তের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

 

শেষে মিন্টুর সমর্থকরা সবাইকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। তাই সচেতন নাগরিক হিসেবে সত্য-মিথ্যা যাচাই করেই কোনো তথ্য শেয়ার করা উচিত।’

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৯ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ