বরগুনায় অক্ষয় তৃতীয়ায় মাতৃপিতৃ পূজা, মাদকমুক্ত সমাজের বার্তা

হোম » বরগুনা » বরগুনায় অক্ষয় তৃতীয়ায় মাতৃপিতৃ পূজা, মাদকমুক্ত সমাজের বার্তা
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

বরগুনায় অক্ষয় তৃতীয়ায় মাতৃপিতৃ পূজা, মাদকমুক্ত সমাজের বার্তা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

শুভ অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তনকে কেন্দ্র করে মাদক ও সামাজিক অনাচার দূর করার আহ্বান জানিয়ে মাতৃপিতৃ পূজা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় বরগুনা সার্বজনীন আখড়াবাড়ীতে আয়োজিত এ পূজায় প্রায় ৫০ জন সন্তান তাদের মা-বাবাকে পূজা করেন। মা-বাবার প্রতি ভক্তি, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।

এর আগে ৬০তম গুরুনাম সংকীর্তন উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা আখড়াবাড়ী থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাদ্যযন্ত্রের তালে তালে গুরুনাম সংকীর্তন করেন।

আয়োজকরা জানান, অক্ষয় তৃতীয়া উপলক্ষে পাঁচ দিনব্যাপী ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নিয়ে সংকীর্তন শ্রবণ ও প্রসাদ গ্রহণ করবেন।

বরগুনা অবধূত সংঘের সাধারণ সম্পাদক বিজন দাস সাগরকন্যাকে জানান, ‘মাদক ও সামাজিক অনাচার দূর করা এবং পরিবারে শৃঙ্খলাবোধ ও মমত্ব গড়ে তুলতেই প্রথমবারের মতো এই মাতৃপিতৃ পূজার আয়োজন করা হয়েছে।’

সংঘের সভাপতি দীপক কর্মকার জানান, ‘সাত দিনব্যাপী এই গুরুনাম সংকীর্তনে শতশত ভক্ত অংশ নেবেন। আগামী ২৫ এপ্রিল মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে।’

বাংলাদেশ সময়: ১৬:২০:৩০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ