ঢাকা সদরঘাটে লঞ্চ সংঘর্ষে মামলা, গ্রেফতার-৫

হোম পেজ » ঢাকা » ঢাকা সদরঘাটে লঞ্চ সংঘর্ষে মামলা, গ্রেফতার-৫
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬


ঢাকা সদরঘাটে লঞ্চ সংঘর্ষে মামলা, গ্রেফতার-৫

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে হতাহত ও নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানান। তিনি বলেন, সংঘর্ষে নিখোঁজ মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বেপরোয়া গতিতে যান চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এরই মধ্যে গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত বুধবার বিকেলে সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হন। এছাড়া অন্তঃসত্ত্বা এক নারী আহত হন এবং অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সম্রাট হাওলাদার জানান, বিকেল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার সময় ব্যাকগিয়ার দিলে দুই লঞ্চের চাপে একটি ইঞ্জিনচালিত নৌকা চাপা পড়ে। এতে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পিষ্ট হয়ে পানিতে পড়ে যান।

তিনি আরও জানান, নৌকাটিতে তখন ৭-৮ জন যাত্রী ছিলেন। তবে লঞ্চের নিচ থেকে নৌকাটি বের হওয়ার পর কাউকে আর দেখা যায়নি-তারা কোথায় গেলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ