গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম

হোম পেজ » পটুয়াখালী » গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকায় রেকর্ডীয় জমির ওপর থাকা দুটি রেইনট্রি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খায়ের খলিফার বিরুদ্ধে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজা বেগম (৭০)।

ফিরোজা বেগম জানান, তার নিজস্ব রেকর্ডীয় জমিতে থাকা দুটি রেইনট্রি গাছ গায়ের জোরে কেটে নিয়ে যান খায়ের খলিফা। বিষয়টি নিয়ে একাধিকবার জানতে চাইলেও তিনি কোনো কর্ণপাত করেননি। দুই গাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তিনি। টাকার অভাবে ঘর তুলতে পারছেন না। টিন ও কাগজের ছাউনি দিয়ে বসবাস করছেন। গাছ দুটি ছিল তার একমাত্র সম্বল। সেগুলো কেটে নেওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। তার স্বপ্ন ছিল একটি সুন্দর বসতঘর নির্মাণের, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না বলে কান্নাজড়িত কণ্ঠে জানান ফিরোজা।

ফিরোজা বেগমের স্বামী হানিফ প্যাদা বলেন, দিনমজুরের কাজ করে সংসার চালান তিনি। রেইনট্রি গাছ কেটে নেওয়ার ঘটনায় কোনো বিচার না পেয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। প্রশাসনের মাধ্যমে খায়ের খলিফাসহ জড়িতদের বিচার দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে খায়ের খলিফার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ইউপি সদস্য আনোয়ার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ