সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের

হোম » লিড নিউজ » সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি: মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বঙ্গোপসাগর ও সুন্দরবনে ডাকাত দমনের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন মৎস্যজীবীরা। ডাকাত নির্মূল না হলে মাছ আহরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা গোলচত্বরে মৎস্যজীবীদের পাঁচটি সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। সমাবেশে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম আকন, সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় ডাকাতদের দৌরাত্ম্যে জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাকাত নির্মূল না হলে তারা মাছ আহরণ বন্ধ রাখতে বাধ্য হবেন। ইতোমধ্যে উপকূলের শতাধিক জেলে ডাকাতদের কবলে রয়েছেন উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি অপহৃত জেলেদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি: মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের

 

মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতি, বরগুনা জেলা মৎস্যজীবী ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য বাজারঘাট শ্রমিক ইউনিয়ন এবং পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতির সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২:৪৬:০২ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ