
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
‘এসো কুরআনের পথে’ স্লোগানকে সামনে রেখে কুয়াকাটায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘কুয়াকাটা কুরআন একাডেমি’। নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই একাডেমির উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় কুরআন শিক্ষার নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। উদ্বোধনী আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
একাডেমির অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ হলো বয়স্ক ও বৃদ্ধদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে নানা কারণে কুরআন শেখার সুযোগ না পাওয়া মানুষদের জন্য এই উদ্যোগ আশা জাগিয়েছে বলে জানান স্থানীয়রা।
এছাড়া শিশু, কিশোর-কিশোরী, যুবক, নারী ও পুরুষ- সব বয়সী মানুষের জন্য কুরআন শিক্ষার সুযোগ রাখা হয়েছে। এখানে সহীহ তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, নাজেরা ও প্রাথমিক দ্বীনি জ্ঞান সহজ ও বাস্তবভিত্তিক পদ্ধতিতে প্রদান করা হবে।
কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুরআন মানুষের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। সমাজে এমন অনেক মানুষ আছেন, বিশেষ করে বয়স্করা, যারা চাইলেও জীবনের নানা সীমাবদ্ধতায় কুরআন শেখার সুযোগ পাননি। তাদের সেই কষ্টের জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ। এখানে কেউ অর্থের কারণে কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে না। আমাদের লক্ষ্য কুয়াকাটার প্রতিটি মুসলীম নারী-পুরুষকে কুরআনের আলোয় আলোকিত করা।
তিনি আরও জানান, ভবিষ্যতে কুরআন একাডেমির কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে।
কুয়াকাটার স্থানীয় বাসিন্দা মো. আবদুল করিম বলেন, বয়সের কারণে আমাদের অনেকেরই কুরআন শেখা হয়নি। নিজ এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শেখার সুযোগ পাওয়া আমাদের জন্য সত্যিই বড় নেয়ামত।
কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা. মান্নান চৌধুরী বলেন, এই কুরআন একাডেমি শুধু শিশুদের কথা ভাবেনি, বড়দের কথাও গুরুত্ব দিয়েছে। এতে করে পরিবারভিত্তিকভাবে কুরআন শেখার একটি সুন্দর পরিবেশ তৈরি হবে।
স্থানীয়দের প্রত্যাশা, কুয়াকাটা কুরআন একাডেমি আগামী দিনে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।