সিলেট-৫ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে জোট প্রার্থীর ক্ষতির শঙ্কা

হোম পেজ » সর্বশেষ » সিলেট-৫ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে জোট প্রার্থীর ক্ষতির শঙ্কা
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

সিলেট-৫ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে জোট প্রার্থীর ক্ষতির শঙ্কা

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। দলীয় নেতাকর্মীদের আশঙ্কা, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভোটের মাঠে বিএনপি জোটের প্রার্থী ক্ষতির মুখে পড়তে পারেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান প্রকাশ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক (প্রতীক: খেজুর গাছ)-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি জোট প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ চাকসু মামুনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

 

বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ইতোমধ্যে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন সেলিম, পৌর বিএনপি নেতা রিপন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও উপজেলা সভাপতির বিরুদ্ধে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

 

স্থানীয় নেতারা জানান, সভাপতির এমন অবস্থানের কারণে জোট প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারেন। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নিলে সিলেট-৫ আসনে জোটের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা তাঁদের।

 

এ বিষয়ে বক্তব্য জানতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৪ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ