আমতলীতে লকডাউনের সমর্থনে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

হোম » বরগুনা » আমতলীতে লকডাউনের সমর্থনে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


আমতলীতে লকডাউনের সমর্থনে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দলটি ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের আহ্বান জানিয়েছে। এ কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটান এবং যানবাহন ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। পরে পুলিশ সিফাত আকন ও রাব্বি আকন নামের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

এদিকে লকডাউন প্রতিহত করতে একই রাতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুহিন মৃধা ও যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়।

 

আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসফাক আহমেদ ত্বোহা বলেন, আগামীকালের লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনতেই লকডাউনের আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচি সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করেছেন।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ