নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ৩০ পিস ইয়াবাসহ শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) ও তার স্বামী মো. সাখাওয়াত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ইদেলকাঠি গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার শিল্পী বেগম নেছারাবাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর স্বরূপকাঠি এলাকার মৃত ফারুক মোল্লার মেয়ে। তার স্বামী সাখাওয়াত হোসেন উপজেলার আউরিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ইদেলকাঠি গ্রামের ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় কয়েকজনের দাবি, শিল্পী বেগম নেছারাবাদ থানা এলাকার চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ও গাঁজার কারবারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নেছারাবাদ ও আশপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করা হয়।

 

স্থানীয়দের আরও অভিযোগ, মাদককারবারের অর্থে শিল্পী জমি ও বাড়ি করেছেন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রেখেছেন। মাদক মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় জামিনে বের হয়ে আবারও মাদককারবারে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘শিল্পী একজন বড় মাদককারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। গতকাল ৩০ পিস ইয়াবাসহ শিল্পী ও তার স্বামী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৫২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ