গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হোম » পটুয়াখালী » গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক সেনাসদস্য রেজাউল করিম ওরফে নান্না হাওলাদারকে মারধর এবং তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার শ্রীনাথ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনাথ বাজার এলাকায় রেজাউল করিমকে একা পেয়ে রাব্বি মুন্সীসহ কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান।

 

আহত রেজাউল করিম ওরফে নান্না হাওলাদার বলেন, ‘জমিজমা নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমার কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে সঠিক বিচার চাই।’

 

তিনি আরও বলেন, এ ঘটনায় গলাচিপা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১৪।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি নিকর মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

বাংলাদেশ সময়: ২০:০২:১৮ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ