
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বরিশালের আগৈলঝাড়ায় তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। মশার লার্ভা জমতে পারে এমন স্থান চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গুমুক্ত উপজেলা গড়তে তিনি সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম মোর্শেদ সজিব, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, আইসিটি কর্মকর্তা মাইনুদ্দিন রাসেল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুস সালাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক আবু বকর সিদ্দিক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. রাসেল ফিরোজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।