পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

হোম » পিরোজপুর » পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের মতো পিরোজপুরেও তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

 

সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচিতে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ।

 

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বরে এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার ও দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি। জনসচেতনতার অভাবেই পরিস্থিতির অবনতি হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

 

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ