
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কয়রা উপজেলার উত্তর বেদকাশি কাছারিবাড়িতে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘বিএনপি সরকার সবসময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও সড়কের পাশে, খাল-বিলের তীরে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে। শিক্ষার্থীদের মধ্যেও বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
বাপ্পী আরও বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে একটি সবুজ দেশ উপহার দেব। এটাই আমাদের প্রত্যাশা।’
বৃক্ষমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম ও শিক্ষক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং খুলনা জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।