
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর হাতে পর্যায়ক্রমে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে নিজ গাছের ‘বৃক্ষ অভিভাবক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির তৃতীয় পর্যায়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব চারা সরবরাহ করা হয়।
এর আগে প্রথম পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। দ্বিতীয় পর্যায়ে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রতিটি চারার জন্য স্বতন্ত্র নম্বর এবং শিক্ষার্থী ও গাছের তথ্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, বৃদ্ধি ও সংরক্ষণ নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি মাসিক ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বছর শেষে বিদ্যালয় ও উপজেলা পর্যায়ে সেরা বৃক্ষপ্রেমী শিক্ষার্থী নির্বাচনেরও পরিকল্পনা রয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের সার্বিক সমন্বয়ে কর্মসূচিতে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস, উপজেলা শিক্ষা অফিস, সংশ্লিষ্ট বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে এবং গড়ে উঠবে বৃক্ষবান্ধব নতুন প্রজন্ম।